আস সুন্নাহ দাওয়াহ এন্ড রিসার্চ ইনস্টিটিউটে মুসা আল হাফিজের দীর্ঘ আলোচনার সারাংশ

1792055473585

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এসেছিলেন তাত্ত্বিক, কবি, গবেষক, আলেম ও বহু গ্রন্থ প্রণেতা শায়খ মুসা আল হাফিজ (হাফিজাহুল্লাহ)। শিক্ষার্থীদের সামনে তিনি গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা পেশ করেন।

তাঁর মূল্যবান আলোচনায় একে একে উঠে আসে—ঈমান ও বিশ্বজাগতিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান-দর্শন বনাম ওহির জ্ঞানতত্ত্ব, সামাজিক বিজ্ঞান ও শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ তত্ত্ব, আধুনিক রাষ্ট্রচিন্তা, সার্বভৌমত্ব ও সমাজ বাস্তবতা, আকল ও ওহির সম্পর্ক এবং দেওবন্দ চিন্তায় ব্যক্তিত্ব পাঠের মূলনীতি ইত্যাদি।

শায়খ মুসা আল হাফিজ তাঁর বক্তব্যে তুলে ধরেন যে, ঈমান নিছক কোনো সাদামাটা আবেগ বা সাংস্কৃতিক অনুসঙ্গ নয়, বরং ঈমান মানুষের ভেতর একটি সামগ্রিক বিশ্বদর্শন তৈরি করে, যা পুরো অস্তিত্ব জগতকে ব্যাখ্যার একটি স্বতন্ত্র জ্ঞানতাত্ত্বিক ভিত্তি প্রদান করে।

প্রতিটি সৃষ্টির পেছনের মৌলিক তিনটি প্রশ্ন—কী, কেন এবং কীভাবে—মানুষের আত্মপরিচয়ের সাথেও গভীরভাবে জড়িত। মানুষ অন্যান্য বহু সৃষ্টির ওপর নির্ভরশীল একটি অস্তিত্ব। তাই সৃষ্টিজগত ও এর পরিচালনব্যবস্থাকে বাদ দিয়ে কেবল খণ্ডিতভাবে ঈমানের বিকাশ সম্ভব নয়।

তিনি সতর্ক করেন যে, ইসলামকে সামগ্রিক জ্ঞানের মর্যাদা না দিয়ে কেবল সংস্কৃতির অংশে পরিণত করলে তা সময়ের সাথে বিবর্তিত ও ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। কেবল জনসংখ্যা বৃদ্ধি দিয়ে দ্বীনের স্থায়িত্ব মাপা যায় না, কারণ আদর্শিক ভিত্তি দুর্বল হলে যে হারে ধর্মে প্রবেশ ঘটে, ঠিক সেই হারেই দ্বীনত্যাগের ঝুঁকিও তৈরি হয়।

জ্ঞানতত্ত্ব ও পদ্ধতির আলোচনায় তিনি দর্শন, বিজ্ঞান ও ওহির তুলনামূলক পার্থক্য স্পষ্ট করেন। তিনি ব্যাখ্যা করেন যে, দর্শনের মৌলিক শর্ত হলো তা ভুল প্রমাণের যোগ্য হতে হবে, যার জন্ম হয় সংশয় ও অনুমান থেকে।

বস্তুগত জগতের ক্ষেত্রে পদ্ধতিগত সংশয়বাদ ও অভিজ্ঞতাবাদ অনিবার্য, কারণ এর মাধ্যমেই মানুষ অতীতের ভুল হাইপোথিসিস বাতিল করে নতুন বৈজ্ঞানিক সত্যে উপনীত হয়। বস্তুবিজ্ঞান সবসময় সর্বশেষ অগ্রগতির ওপর দাঁড়িয়ে নির্ভুলতার দাবি করে, কারণ এর ইতিহাসই হলো পূর্ববর্তী তত্ত্বকে অতিক্রম করে যাওয়ার ইতিহাস।

এর বিপরীতে ওহির জ্ঞান কোনো মানবিক সংশয় বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির মুখাপেক্ষী নয়; তা পরম ও শাশ্বত সত্য। তাই ওহির বিশুদ্ধতার মানদণ্ড হলো তা নাজিল হওয়ার মূল যুগের ব্যাখ্যার কতটা কাছাকাছি রয়েছে।

ইসলামে ফিজিক্স এবং মেটাফিজিক্সের কোনো কৃত্রিম বিভাজন নেই; আল্লাহর একত্ববাদ, তাঁর রহমত ও রবুবিয়্যাতের অধীনে সৃষ্টি এবং তার প্রাকৃতিক নিয়মাবলি এক অবিচ্ছেদ্য ঐক্যে গ্রথিত, যাকে ওহদাতুল উলূম বলা যায়।

এরপর তিনি সমাজবিজ্ঞান ও সভ্যতার বিকাশে শাহ ওয়ালিউল্লাহ দেহলভির ‘ইরতিফাকাত’ তত্ত্ব এবং ইবনে খালদুনের ‘উলূমুল উমরানিয়্যাহ’ নিয়ে আলোচনা করেন।

শাহ ওয়ালিউল্লাহ সভ্যতা বিনির্মাণের প্রক্রিয়াকে ইরতিফাকাত হিসেবে ব্যাখ্যা করেছেন। মানুষের মৌলিক চাহিদা ও সীমাবদ্ধতা থেকে জন্ম নেয় পারস্পরিক সহযোগিতার প্রতিষ্ঠান হিসেবে পরিবার। পরবর্তীতে একা সব কাজ সমাধান করা সম্ভব না হওয়ায় কাজের বণ্টন এবং বিনিময়ের প্রয়োজনে সমাজ ও বাজার ব্যবস্থা গড়ে ওঠে। আবার পারস্পরিক দ্বন্দ্ব ও মতবিরোধ নিরসনের জন্য মানুষ তৈরি করে নিয়ম ও শৃঙ্খলা, যা ধাপে ধাপে নগর-রাষ্ট্র এবং বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোর রূপ নেয়।

এই ধারাবাহিকতায় ইসলামে খেলাফত কোনো সংকীর্ণ জাতীয়তাবাদী বা আঞ্চলিক বিষয় নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য একটি বৈশ্বিক রাজনৈতিক প্রতিষ্ঠান (আল-খিলাফাতুল কুবরা)।

পশ্চিমা আধুনিক রাষ্ট্রচিন্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া চুক্তির পর রাজার তথাকথিত দৈব কর্তৃত্ব ভেঙে হবস, লক ও রুশোর মতো তাত্ত্বিকদের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির মাধ্যমে আধুনিক রাষ্ট্র ও সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়।

অনেক মুসলিম চিন্তাবিদ সমাজের মৌলিক বাস্তবতা উপলব্ধি না করেই এই সার্বভৌমত্বের ধারণা ইসলামি পরিমণ্ডলে হুবহু আমদানি করে জটিলতা তৈরি করেছেন।

তিনি বলেন, রাষ্ট্র তৈরি করে সমাজ, সমাজের চরিত্র যেমন হবে রাষ্ট্রও ঠিক তেমনি রূপ ধারণ করবে। সমাজের মনস্তত্ত্ব, নৈতিকতা ও গণ-আকাঙ্ক্ষা পরিবর্তন না করে শুধু রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে উমর (রা.)-এর ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখা একটি অবাস্তব ও অলীক কল্পনা। কারণ উমরি ইনসাফ কায়েম হয়েছিল উমর (রা.)-এর মতো ব্যক্তিত্ব, উসমান ও আলীর মতো উজির এবং সাহাবিদের মতো আত্মত্যাগী সমাজের সমন্বয়ে; বর্তমানের স্বার্থপর ও নীতিহীন সমাজ নিয়ে সেই ফল পাওয়া সম্ভব নয়।

এর বিপরীতে তিনি ভারতের আরএসএসের উদাহরণ দিয়ে দেখান যে, তারা শত বছর ধরে সরাসরি রাজনীতির পেছনে না ছুটে পরিবার, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণে কাজ করেছে, যার ফলে আজ পুরো দেশের প্রাতিষ্ঠানিক ও সামাজিক মনস্তত্ত্ব তাদের অনুকূলে চলে গেছে। মুসলিমদেরও নিছক স্লোগান ও ক্ষমতার রাজনীতির মোহে না পড়ে ব্যক্তি গঠন, চিন্তাশীল পরিবার তৈরি এবং সমাজ সংস্কারের দীর্ঘমেয়াদি কাজে আত্মনিয়োগ করতে হবে।

আকল ও ওহির দ্বান্দ্বিক সম্পর্কের মীমাংসা করতে গিয়ে তিনি বলেন, আকল কখনো আসলের ওপর কর্তৃত্ব করতে পারে না; আকল হলো ওহিকে বোঝার একটি মাধ্যম বা ওয়াসেতা মাত্র। ওহির আনুগত্যের ভেতরে থেকে আকলের চর্চাই হলো প্রকৃত ইলমুল কালাম।

দেওবন্দের সালাফদের মূলনীতি উল্লেখ করে তিনি তাসাউফ ও আধ্যাত্মিকতার একটি ভারসাম্যপূর্ণ চিত্র আঁকেন।

তিনি বলেন, যে ব্যক্তির সামগ্রিক জীবন সুন্নাহর অনুগামী এবং শরীয়তের প্রতি শ্রদ্ধাশীল, তাঁর কোনো বিচ্ছিন্ন বক্তব্য যদি বাহ্যিক দৃষ্টিতে আপত্তিকর মনেও হয়, তবে তাকে বাতিল আখ্যা না দিয়ে যথাসম্ভব ইতিবাচক ব্যাখ্যা (হুসনে তাবিল) করতে হবে। আর আধ্যাত্মিক ভাবাবেগে আচ্ছন্ন ব্যক্তির (মাগলুবুল হাল) মুখ ফসকে বের হওয়া কথাকে প্রামাণ্য দলিল না বানিয়েও তাঁর ব্যক্তিত্বের মর্যাদা রক্ষা করা যায়।

এই জ্ঞানভিত্তিক ভারসাম্য বজায় রাখার কারণেই দেওবন্দের আলেম ও গবেষকগণ ইবনে তাইমিয়া ও ইবনে আরাবি—উভয়কেই তাঁদের নিজ নিজ অবস্থানে সম্মান প্রদর্শন করতে পেরেছেন।

পরিশেষে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, মুসলিম সমাজের বড় ট্র্যাজেডি হলো আমাদের বাস্তব কাজের চেয়ে কল্পনাবিলাস বেশি; সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক ছত্র লিখে বা চটকদার স্লোগান দিয়েই আমরা বড় বড় দায়িত্ব সম্পন্ন হয়েছে বলে আত্মতৃপ্তিতে ভুগি।

আমাদের ভেতরের মৌলিক আকাঙ্ক্ষাগুলো এখনো প্রকৃত অর্থে মুসলমান হতে পারেনি; বস্তুবাদী ও পশ্চিমা মনস্তত্ত্বকে কেবল ইসলামি পরিভাষার আবরণে ঢেকে রাখা হয়েছে। কোনো সুদূরপ্রসারী সমাজকাঠামো তৈরি না করে, চিন্তাশীল প্রতিষ্ঠান ও প্রতিরক্ষামূলক বাস্তব রোডম্যাপ ছাড়া কেবল অলীক খোয়াব দেখে জাতির ভাগ্যবদল সম্ভব নয়।

তিনি সতর্ক করেন যে, ভাইরাল সংস্কৃতির মোহে হারিয়ে না গিয়ে প্রাচ্যবিদদের বুদ্ধিবৃত্তিক আক্রমণ মোকাবিলা, সিরাতের গভীর অধ্যয়ন এবং ইলম, ফিকর ও আমলের সমন্বয়ে দ্বীনি স্বভাব ও ‘তবিয়ত’ গড়ে তোলাই আজ অস্তিত্ব রক্ষার প্রধান শর্ত। যখন মানুষের অভ্যন্তরীণ মনস্তত্ত্ব ও সমাজের যৌথ আকাঙ্ক্ষা ওহির ছাঁচে রূপান্তরিত হবে, কেবল তখনই বাস্তব জমিনে ইসলামের ইনসাফভিত্তিক সভ্যতার পুনর্জাগরণ সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন