আব্বাসীয় যুগে যখন ‘মুতাযিলা’ নামক ভ্রান্ত বুদ্ধিবৃত্তিক মতবাদের উত্থান ঘটে, তখন খলিফারাও সেই মতবাদে বিশ্বাসী হয়ে পড়েন। তারা জোরপূর্বক ওলামাদের বাধ্য করছিলেন কুরআনকে “সৃষ্টি” (মাখলুক) বলে বিশ্বাস করতে, যা ছিল আহলে সুন্নাহর আকিদার পরিপন্থী। তৎকালীন প্রায় সব আলেম চাপের মুখে পিছু হটেছিলেন, কিন্তু বাতিঘর ইমাম আহমাদ বিন হাম্বল (র.) একাই সত্যের ওপর পাহাড়ের মতো অটল থাকেন। বছরের পর বছর তাকে নির্মমভাবে চাবুক মারা হয় এবং বন্দি রাখা হয়। শারীরিক নির্যাতন সত্ত্বেও তিনি একচুলও আকিদা থেকে সরেননি। তাঁর এই আপসহীন সংগ্রামের কারণেই শেষ পর্যন্ত সত্যের জয় হয় এবং ইসলামের মূল আকিদা বিকৃত হওয়া থেকে রক্ষা পায়।



