হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, উস্তাযে মুহতারাম আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ পরিচালিত ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া-এর ষান্মাসিক পরীক্ষা বর্তমানে চলমান।
মাদ্রাসার ঠিক অপর পাশে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে গতকাল রাতে উচ্চস্বরে গানের কনসার্ট চলছিল। এতে কনসার্টের বিকট শব্দে জামিয়ার পরীক্ষার্থী শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে চরম বিঘ্ন সৃষ্টি হয়।
পরীক্ষা চলমান থাকার বিষয়টি উল্লেখ করে জামিয়ার পক্ষ থেকে পুলিশ লাইনে যোগাযোগ করে গানের শব্দ বন্ধ বা কমানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত না করে কনসার্ট আরও উচ্চস্বরে চলতে থাকে।
এভাবে রাত ১২টা অতিক্রম করার পরও কনসার্ট চলতে থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে জামিয়ার গেটের সামনে থেকে প্রতিবাদ জানায়। এ সময় পরিস্থিতির একপর্যায়ে পুলিশ সদস্যদের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিয়ায় উপস্থিত হয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।
পুলিশ সুপার রাত প্রায় ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হয়।


