যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শরৎকালীন শক্তিশালী ঝড় ‘নোরইস্টার’-এর প্রভাবে ব্যাপক বন্যা, ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের প্রভাব পড়েছে।
নিউ জার্সির আটলান্টিক সিটিতে সমুদ্রের পানির উচ্চতা হারিকেন স্যান্ডির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে। ঝড়ের কারণে লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়েছেন।
নিউইয়র্কে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া ব্রুকলিনে কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৩ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিভিন্ন রুটে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।



