মিশরের জাতীয় দিবসে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে ৩য় বারের মতো অংশ নিল আল-আজহার

1793095429919

মিশরের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মিশর ও ভ্রাতৃপ্রতিম ও বন্ধুরাষ্ট্রসমূহের দিবস ২০২৬-২০২৭’ শীর্ষক প্রদর্শনীতে টানা তৃতীয় বছরের মতো অংশ নিয়েছে দেশটির ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার শরিফ।
নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত সামরিক একাডেমি ফর পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড স্ট্র্যাটেজিক রিসার্চের উদ্যোগে একাডেমির জাতীয় দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল-আজহার শরিফের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় একটি বিশেষ স্টল স্থাপন করা হয়।
স্টলটিতে আল-আজহারের জ্যেষ্ঠ আলেমদের পরিষদ, ইসলামি গবেষণা একাডেমি এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আল-আজহার পর্যবেক্ষণকেন্দ্রের প্রকাশনাসহ আল-আজহার সাময়িকীর বিশেষ সংখ্যাগুলো প্রদর্শন করা হয়।
এ ছাড়া স্টলটিতে আরবি ক্যালিগ্রাফি, চিত্রকর্ম, হস্তশিল্প এবং চামড়া, সিরামিক ও মাটির তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী স্থান পায়। এসব শিল্পকর্মে মিশরের জাতীয় পরিচয় ও ঐতিহ্য তুলে ধরা হয়। পরিবেশ থেকে সংগৃহীত পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি এসব সামগ্রী দেশটির ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
প্রদর্শনীতে আল-আজহারের স্টলটি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে। অনেকেই সেখানে স্মারক ছবি তোলেন এবং আল-আজহারের বিভিন্ন বই, প্রকাশনা ও শিল্পকর্মের প্রতি নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।
আল-আজহার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা ও সংস্কৃতির বিনিময় জোরদার করা, আল-আজহারের মধ্যপন্থী ও উদার ইসলামি চিন্তাধারা ছড়িয়ে দেওয়া, সৃজনশীলতা ও শিল্পচর্চাকে উৎসাহিত করা এবং জাতীয় জীবনে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন