ভেঙে ফেলা হচ্ছে দেওবন্দের ঐতিহাসিক বাবুয যাহির

IMG_20260820_142725

দীর্ঘদিনের টানা বৃষ্টিতে ভারতের ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দের বাবুয যাহিরের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় পুরোনো স্থাপনাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দারুল উলূম দেওবন্দের হোস্টেল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবনটির ছাদের একটি অংশ ইতোমধ্যে ধসে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কক্ষগুলো খালি করে শিক্ষার্থীদের মালপত্র সরিয়ে নিতে বলা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হতে পারে।
ঐতিহাসিক এ স্থাপনাটির নির্মাণকাজ শুরু হয় হাকিমুল ইসলাম ক্বারি মুহাম্মাদ তাইয়্যিব (রহ.)-এর সময়ে, আফগানিস্তানের তৎকালীন বাদশাহ জহির শাহের অর্থায়নে। ১৩৫৮ হিজরিতে শুরু হওয়া নির্মাণকাজ শেষ হয় ১৩৬২ হিজরিতে।
দারুল উলূম দেওবন্দের দীর্ঘ ইতিহাসের সঙ্গে বাবুয যাহির গভীরভাবে জড়িত। দীর্ঘ সময় এখানে উলূমুল হাদিসের দরস অনুষ্ঠিত হয়েছে। বহু উস্তাদ ও তালিবুল ইলমের স্মৃতিবিজড়িত এ স্থাপনার সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদেরও রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক।
তবে পুরোনো ভবনটি ভেঙে ফেলা হলেও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্ব দেওবন্দের ইলমি ইতিহাসে দীর্ঘদিন অম্লান থাকবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন