ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাকর্মী ও সমর্থকরা।
রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ জোটের শীর্ষ নেতারা এ বিক্ষোভে অংশ নেন। কনট প্লেস থেকে ঐতিহাসিক রামলীলা ময়দান পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে মিছিল করেন তারা।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে ১৩ কোটিরও বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, বাদ পড়াদের মধ্যে প্রায় ২ কোটি ৮০ লাখকে মৃত, ৬ কোটি ৩০ লাখকে অন্যত্র স্থানান্তরিত এবং প্রায় ৩ কোটি মানুষকে খুঁজে না পাওয়ার কারণ দেখানো হয়েছে।
বিরোধী দলগুলোর দাবি, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার এই প্রক্রিয়ায় সংখ্যালঘু ও মুসলিম ভোটাররা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন তারা।



