বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬। আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। এ ছাড়াও সম্মেলনে জাতীয় ও কেন্দ্রীয় পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, ন্যায়, ইনসাফ, আদর্শিক চেতনা ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রত্যয়কে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ছাত্রসমাজের মধ্যে আদর্শিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নতুন প্রত্যাশা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রসমাজের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সম্মেলনের আহ্বানকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে উচ্চারিত হয়েছে প্রত্যয়দীপ্ত স্লোগান—
“এসো, রক্তিম শপথে ভেঙে যত কালো রাত,
খিলাফার আলোয় রাঙাই মুক্তির প্রভাত।”
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কেন্দ্রীয় সম্মেলন সফল ও সার্থক হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।



