যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্মারকের ১৪ দফা প্রকাশ

WhatsApp Image 2026-06-17 at 10.42.17 PM

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের হাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের ১৪ দফা এসেছে বলে জানা গেছে। প্রকাশিত খসড়া অনুযায়ী, এতে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক পুনর্বাসন, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্মারকে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। পাশাপাশি উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে।

খসড়া অনুযায়ী, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং পর্যায়ক্রমে আঞ্চলিক সামরিক উপস্থিতি কমাবে। অন্যদিকে, ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে।

স্মারকে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল ও পেট্রোরসায়ন পণ্য রপ্তানিতে ছাড়পত্র প্রদান এবং জব্দকৃত সম্পদ ধাপে ধাপে অবমুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

পারমাণবিক ইস্যুতে ইরান পুনরায় অঙ্গীকার করবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটি বর্তমান পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং এ সময়ে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক উপস্থিতি বৃদ্ধি করবে না।

খসড়ায় আরও বলা হয়েছে, চুক্তির বাস্তবায়ন ও তদারকির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন করা হবে। পাশাপাশি জাহাজ চলাচল, নিষেধাজ্ঞা শিথিলকরণ ও সম্পদ অবমুক্তকরণের মতো ধারা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে।

চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনাও স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন