স্পেনের গ্রানাডায় পাহাড়ের চূড়ায় অবস্থিত আলহাম্বরা হলো ইউরোপে মুসলিম স্থাপত্যের সবচেয়ে সুন্দর ও জাঁকজমকপূর্ণ প্রাসাদ দুর্গ। ত্রয়োদশ শতাব্দীতে নাসরিদ রাজবংশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আল-আহমার এই লাল পাথরের কেল্লাটি নির্মাণ শুরু করেন। আরবি ‘আল-হামরা’ শব্দের অর্থ ‘লাল দুর্গ’। এই প্রাসাদের ভেতরের কারুকাজ এতটাই সূক্ষ্ম ও নিখুঁত যে একে পাথরের তৈরি কবিতা বলা চলে। এর দেওয়ালে দেওয়ালে প্লাস্টারের ওপর পবিত্র কোরআনের আয়াত এবং জ্যামিতিক ক্যালিগ্রাফির অসাধারণ নকশা রয়েছে। আলহামব্রার ‘কোর্ট অফ দ্য লায়ন্স’ বা সিংহ চত্বরটি একটি প্রকৌশলগত বিস্ময়, যেখানে ১২টি পাথরের সিংহের মুখ থেকে ফোয়ারার পানি নির্গত হয়। এছাড়া এর ‘হে নেরালাইফে’ (জান্নাতুল আরিফ) নামক রাজকীয় বাগান, কৃত্রিম জলপথ এবং ঝরনাগুলো মরুভূমির মানুষকে জান্নাতের আবহ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ১৪৯২ সালে মুসলিম শাসনের অবসান ঘটলেও স্পেনের খ্রিস্টান শাসকরা এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এটি ধ্বংস না করে সংরক্ষণ করেন। এটি মধ্যযুগীয় মুসলিম সভ্যতার বিলাসিতা, বিজ্ঞান ও শৈল্পিক উৎকর্ষের এক জীবন্ত দলিল। [1]



