ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র করে নারীবাদ নামে আলাদা একটি আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নারীবাদ যতটা না নারীর স্বার্থে কাজ করে তারচেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশে নারীবাদের নামে অনেক কাজ হয়েছে। বহু সংগঠন তৈরি হয়েছে, অনেক সভা-সমিতি হয়েছে। কিন্তু নারীর নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয় নাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষেত্রে কাজ করতে চায়। নারীর প্রকৃত সম্মান, মর্যাদা ও অধিকার নিয়ে কাজ করতে চায়। সেজন্য চলতি সেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী উইং সক্রিয়ভাবে কাজ করবে।
আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা ও পরিবার বিষয়ক উপকমিটির বৈঠকে এই মন্তব্য করেন।
উপকমিটির বৈঠকে দেশব্যাপী সকল শাখায় নারী সদস্যাদের সক্রিয় করা, ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় ছাত্রী ও মহিলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



