সাত মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়া শিশু মোহাম্মদ রায়হানকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতি সীরাত মাহফিল এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মাহফিল এলাকায় ভিক্ষা করার সময় স্থানীয় কয়েকজন তাকে চিনতে পারেন। পরে খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে রায়হানকে শনাক্ত করেন এবং তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যান।
রায়হান লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত মাস আগে রায়হান বাড়ি থেকে পালিয়ে কক্সবাজারে চলে যায়। তখন সে তার বাবা ও সৎমায়ের সঙ্গে বসবাস করত। এর আগে তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। রায়হানের এক ভাইও বাবার সংসারে থাকত।
পরিবারের অভিযোগ, কক্সবাজারে যাওয়ার পর রায়হান একটি চক্রের কবলে পড়ে। রায়হানের দাবি, ওই চক্র তাকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে গিয়ে একটি পা কেটে দেয়। পরে তাকে বিভিন্ন স্থানে ভিক্ষা করিয়ে অর্থ উপার্জন করা হতো।
রোববার সকালে চুনতি সীরাত মাহফিল এলাকায় রায়হানকে ভিক্ষা করতে দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। পরে তারা তাকে চিনতে পারেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বাবা নাজিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। দীর্ঘ সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তিনি।
রায়হানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরলেও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কক্সবাজার থেকে কারা তাকে ঢাকায় নিয়ে গিয়েছিল, কীভাবে তার পা কাটা হলো এবং কারা তাকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা রায়হানের বক্তব্য যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



