মুসলিম জাতীয়তাবাদী আদর্শের ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী চাঁদপুর জেলার হাজীগঞ্জ সদর ইউনিয়ন মৈশাইদ গ্রামের মো. মজিবুর রহমানের এর ছেলে মাওলানা শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সংগঠনটিতে যোগদান করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান এবং কেন্দ্রীয় সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে নতুন সদস্য শফিকুর রহমানকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সংগঠনের নীতি ও আদর্শ ধারণ করে দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ আরও বলেন, শফিকুর রহমানের মতো ত্যাগী জুলাই যোদ্ধার আগমনে সংগঠন সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।



