আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার মতবিরোধ আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার।
ইসলামাবাদে আফগানিস্তানের ইসলামী আমিরাতের ক্ষমতায় ফেরার পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সারদার আহমদ শাকিব।
আসাদ কায়সার বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যকার সমস্যা ও মতবিরোধ কোনো সংঘাতের মাধ্যমে নয়; বরং আলোচনা ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা উচিত।
দুই দেশের জনগণের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী ও সুদৃঢ় করা উভয় দেশের জন্যই কল্যাণকর।



