মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়েছেন আফগান-আমেরিকান ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব। ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথম আফগান-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রবেশের পথ তৈরি করেছেন।
৩৯ বছর বয়সী ওয়াহাব এর আগে ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের সদস্য ছিলেন। বিশেষ নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। নির্বাচনে ওয়াহাব ৫৩ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
ওয়াহাব কংগ্রেসে সাবেক প্রতিনিধি এরিক সোয়ালওয়েলের শূন্য আসনটি পূরণ করবেন। তবে নভেম্বরের নির্বাচনে পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য তাঁকে আবারও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
এ বিজয়ের মধ্য দিয়ে আয়েশা ওয়াহাব শুধু ক্যালিফোর্নিয়ার রাজনীতিতেই নয়, মার্কিন জাতীয় রাজনীতিতেও প্রথম আফগান-আমেরিকান কংগ্রেস সদস্য হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।



