জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পরও মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বরং রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে তাদের পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
গত বছর থেকে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এরই মধ্যে রাজ্যের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়নের অভিযোগ উঠেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নির্যাতন ও সহিংসতা থেকে বাঁচতে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত নিধনযজ্ঞের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই গণপলায়নের নয় বছর পরও তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি হয়নি। বরং রাখাইন রাজ্যের নতুন সংঘাত পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।



