শরীয়াহ বিরুদ্ধ আইন বাতিল করতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে রাষ্ট্র বাধ্য। বর্তমান সরকারও কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন করবে না বলে বারংবার অঙ্গিকার করেছে। কিন্তু সরকারের ছয়মাস যেতে না যেতেই সরকার শরীয়াহ বিরোধী আইন পাশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
আজ ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে এই দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যুগ সেরা উলামায়ে কেরাম রয়েছে। এই আইনের বিষয়ে উলামায়ে কেরাম আগেই ভিন্নমত পোষন করেছেন। সেখানে শরীয়াহ সংক্রান্ত একটি বিষয়ে খ্রিষ্টান পন্ডিতদের রেফারেন্স ব্যবহার করে শরীয়াহ বিরুদ্ধ আইন প্রণয়ন করা দেশের ইতিহাস,ঐতিহ্য ও জ্ঞানীয় সম্পদের প্রতি স্পষ্ট উপেক্ষা। সরকারের কাছে এটা আশা করি নাই।
মাওলানা গাজী আতাউর রহমান কর্মসূচি ঘোষণা করে জানান, আগামী শুক্রবার দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে শরীয়াহ ও দলের অবস্থান জানাতে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে।



