কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, ইরানকে দায়ী করল কর্তৃপক্ষ

কুয়েত

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে।
কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি এক বিবৃতিতে জানান, হামলার ফলে বিমানবন্দরের রাডার ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতি কেবল অবকাঠামোগত পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই জরুরি সেবা দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং বিমানবন্দরের নিরাপদ কার্যক্রম বজায় রেখে দ্রুত স্বাভাবিক পরিচালনা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশপথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন