বরিশালে দুই ‘আলেম’ করছেন খৃষ্টান ধর্মপ্রচার, দিচ্ছেন মোটা অঙ্কের টাকার অফার

pngtree-the-cross-on-mountain-top-with-a-sunset-sky-background-christian-image_16209647

বরিশালে আলেমের পোশাক পরে দুই ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণের প্রস্তাব এবং অর্থের বিনিময়ে অন্যদের ধর্মান্তরিত করার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এক ব্যক্তি দাবি করেছেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার বাসার দরজায় নক করেন দুই ব্যক্তি। দরজা খুলে তিনি দেখতে পান, আলেমসদৃশ পোশাক পরা দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।
অভিযোগকারী জানান, ওই দুই ব্যক্তি নিজেদের মাদারীপুরের বাসিন্দা বলে পরিচয় দেন এবং বরিশাল হয়ে শুধুমাত্র তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান। কিছুক্ষণ কথাবার্তার পর তারা তাদের আসার মূল উদ্দেশ্য প্রকাশ করেন।
তার দাবি, ওই দুই ব্যক্তি নিজেদের খ্রিস্টান ধর্ম গ্রহণকারী হিসেবে পরিচয় দিয়ে তাকেও খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানান। একপর্যায়ে তারা ব্যাগ থেকে এক লাখ টাকার একটি বান্ডিল বের করে তার সামনে রাখেন এবং একটি ফরমে স্বাক্ষর করতে বলেন।
অভিযোগ অনুযায়ী, তাকে বলা হয়—এখনই পুরোপুরি খ্রিস্টান হতে হবে না; বরং প্রতি মাসে গোপনে সর্বোচ্চ পাঁচজন মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে হবে। এর বিনিময়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ওই দুই ব্যক্তিকে তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন এবং পুলিশে খবর দেওয়ার হুমকি দেন। পরে অভিযুক্তরা টাকা ও ফরম নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই ব্যক্তি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার দাবি, আলেমের পোশাক ব্যবহার করে ধর্মীয় পরিচয়ের আড়ালে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন