দীর্ঘ ২ সপ্তাহ পর নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রী সাভার থেকে উদ্ধার

1784387977436

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর দুই শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী সাটুরিয়ার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখায় পড়াশোনা করত। গত ৩ জুলাই দুপুরে পরিচয় গোপন করে এবং সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে যায়নি।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গত ৯ জুলাই পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সাভার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তবে উদ্ধারের সময় তারা কোথায় ছিল বা কার কাছে ছিল—এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
দুই শিক্ষার্থীকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন