বায়তুল মোকাররম বইমেলায় গ্রেফতারের ভয় দেখিয়ে পাঠকদের ফোন চেক করেন সন্দেহভাজন এই চার ব্যাক্তি

1790659584573

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বাইতুল মুকাররম পূর্ব গেটের ইসলামি বইমেলায় এক পাঠককে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ওই ব্যক্তির দাবি, মেলায় উপস্থিত কয়েকজন নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় না দিলেও তাদের কাছে ওয়াকিটকি ছিল এবং তারা একই ধরনের মাস্ক পরিহিত ছিলেন।
অভিযোগকারী জানান, গত ২৭ সেপ্টেম্বর বেলা ২টা থেকে আড়াইটার দিকে তিনি বইমেলায় গিয়ে বিভিন্ন প্রকাশনার স্টলে ঘুরে বই দেখছিলেন। এ সময় একটি প্রকাশনার স্টলের সামনে চার ব্যক্তিকে বিক্রেতাদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়াতে দেখে তিনি সেখানে যান। পরে ওই ব্যক্তিরা অন্য একটি প্রকাশনার স্টলে গেলে তিনিও বই দেখতে সেখানে যান।
ওই প্রকাশনার স্টলে পাঠকদের বসার ব্যবস্থা থাকায় তিনি কিছুক্ষণ সেখানে বসেন। নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি জানান, তার হাঁটুতে ফ্র্যাকচার থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল। এ সময় সেখানে থাকা ব্যক্তিরা তাকে দেখে ‘আপনি আবার এখানে কেন’ বলে প্রশ্ন করেন। জবাবে তিনি জানান, ওই প্রকাশনা থেকেও তিনি বই কেনেন এবং বই নিতে এসেছেন।
অভিযোগ অনুযায়ী, এরপর ওই ব্যক্তিদের একজন তাকে মোবাইল ফোন পকেটে রাখতে বলেন। তিনি জরুরি কাজ করছেন জানালে অপর একজন তাকে ‘বেশি কথা বললে ধরে নিয়ে যাওয়ার’ হুমকি দেন। পরে তার কাছে কোথায় থাকেন ও কী করেন জানতে চাওয়া হয়। তিনি ব্যবসা করেন এবং সাভার এলাকায় থাকেন বলে জানান। এ সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ডও নেওয়া হয়।
এরপর তার মোবাইল ফোন চাওয়া হলে তিনি কেন মোবাইল দিতে হবে জানতে চান। অভিযোগকারী দাবি করেন, তখন তাকে চাপ দিয়ে ফোনটি নেওয়া হয় এবং কিছু সময় ধরে তার মোবাইলের গ্যালারি ঘেঁটে দেখা হয়। সেখানে তার ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবিও ছিল বলে জানান তিনি।
অভিযোগকারীর ভাষ্য, পুরো ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে তুলে নিয়ে যাওয়া বা গুম করে ফেলার আশঙ্কায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা মোবাইল নিয়ে চলে গেলে তিনিও ভয় নিয়ে কোনোভাবে বইমেলা থেকে বের হয়ে যান।
ঘটনার পর তিনি নিজেকে ‘ভয়ংকরভাবে ট্রমাটাইজড ও আতঙ্কিত’ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামপন্থীদের সঙ্গে এ ধরনের হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটেছে এবং বইমেলার মতো একটি জনসমাগমস্থলে এমন আচরণ তাকে পুরোনো সেই আতঙ্কের কথা মনে করিয়ে দিয়েছে।
এদিকে, অভিযোগটি পাওয়ার পর কয়েকজন প্রকাশক স্বতন্ত্রভাবে বিষয়টি অনুসন্ধান করেছেন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
প্রকাশকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, জুলাই-পরবর্তী বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আয়োজিত বইমেলায় আগত একজন পাঠকের সঙ্গে এ ধরনের আচরণ করার অনুমোদন কোনো সরকারি সংস্থা বা গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে কি না।
তারা আরও প্রশ্ন তুলেছেন, গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা কোনো কর্মকর্তার মাধ্যমে এমন আচরণ করা হয়েছে কি না এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না—তা তদন্ত করে দেখা প্রয়োজন।
প্রকাশকদের দাবি, ঘটনার বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং বইমেলায় পাঠকের সঙ্গে এ ধরনের আচরণের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন