সম্প্রতি বিভিন্ন মাধ্যমে লিটলম্যাগ আন্দোলনকে কেন্দ্র করে প্রচারিত কিছু বিভ্রান্তিকর তথ্য ও অনভিপ্রেত বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে, সম্মানিত প্রকাশকদের সঙ্গে লিটলম্যাগ আন্দোলনের একটি কৃত্রিম বিরোধ বা দ্বন্দ্বের আবহ তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক পরিসরের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে আমাদের প্রাতিষ্ঠানিক অবস্থান নিম্নরূপ সুস্পষ্ট করা হলো:
১. প্রকাশকদের সঙ্গে সম্পর্কের ভিত্তি:
লিটলম্যাগ আন্দোলনের সঙ্গে প্রকাশকদের কোনো সংঘাতমূলক বা বিরোধপূর্ণ সম্পর্ক নেই। লেখক, প্রকাশক, পাঠক ও লিটলম্যাগ কর্মীরা পরস্পর পরিপূরক এবং সাহিত্য-সংস্কৃতির অভিন্ন অংশীজন। বায়তুল মোকাররম ইসলামী বইমেলা–২০২৬-এ লিটলম্যাগগুলোর জন্য একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ কর্নার বরাদ্দের যে যৌক্তিক দাবি উত্থাপন করা হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের মূল দাবিটি ইতিবাচকভাবে নিষ্পত্তি পেয়েছে।
২. ব্যক্তিগত আচরণের দায় প্রসঙ্গে:
প্রকাশক বা অন্য কোনো পক্ষকে জড়িয়ে কতিপয় ব্যক্তির অপ্রীতিকর বা অসৌজন্যমূলক মন্তব্য ও কর্মকাণ্ডের সাথে লিটলম্যাগ আন্দোলনের কর্মীদের সম্পৃক্ত করার অপচেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও অমূলক। লিটলম্যাগ আন্দোলনের কোনো সংগঠক বা কর্মী এ ধরনের অনভিপ্রেত আচরণে অংশ নেননি। ব্যক্তিবিশেষের যেকোনো অপেশাদার বক্তব্য বা আচরণের দায়ভার কোনো অবস্থাতেই সামগ্রিক আন্দোলনের ওপর বর্তায় না।
৩. পরিচয় আরোপ ও আদর্শিক বিভ্রান্তি নিরসন:
একটি অনলাইন পোর্টালে এই আন্দোলনের কর্মীদের ওপর একপাক্ষিক ও সুনির্দিষ্ট মতাদর্শিক তকমা আরোপের ঘটনা ঘটেছে, যা বস্তুনিষ্ঠ নয়। লিটলম্যাগ আন্দোলন কোনো সংকীর্ণ আদর্শ বা বিশেষ মতাদর্শের প্রতিনিধিত্ব করে না। এটি মাদরাসার মূলধারার শিক্ষার্থী, লেখক, সম্পাদক ও তরুণ সাংস্কৃতিক কর্মীদের একটি সম্পূর্ণ সৃজনশীল বুদ্ধিবৃত্তিক প্রয়াস; যার উদ্দেশ্য সাহিত্য, দর্শন, গবেষণা ও প্রকাশনা মাধ্যমকে সমৃদ্ধ করা।
৪. সামগ্রিক লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি:
আমাদের অবস্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিপক্ষে নয়, বরং আমরা সুস্থ চিন্তা, মননশীল সাহিত্য ও বৈচিত্র্যপূর্ণ প্রকাশনা সংস্কৃতির পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ। মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে কুৎসা রটনা, অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়।
আমরা সংশ্লিষ্ট সকল অংশীজনকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে পরিস্থিতি বিবেচনার আহ্বান জানাচ্ছি। লিটলম্যাগ আন্দোলন কোনো ধরনের সংঘাত নয়; বরং সুস্থ মেধা ও সৃজনশীলতার বিকাশকেই নিজেদের মূল অভীষ্ট হিসেবে বিবেচনা করে।



