মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে ১২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে।”
তাদের দাবি অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত অবরোধ এড়ানোর চেষ্টা করা ১২টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। নির্দেশনা না মানায় দুটি জাহাজকে অচল (Disabled) করে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে মার্কিন সেনারা উঠে সেগুলোকে নির্দেশনা মানতে বাধ্য করেছেন।
সেন্টকম আরও জানায়, শনিবার আরব সাগরে কোমোরোসের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের পরিচয় যাচাই করা হয়েছে এবং সেটি বর্তমানে তার যাত্রা অব্যাহত রেখেছে।
এছাড়া ২৪ জুলাই ওমান উপসাগরে মোজাম্বিকের পতাকাবাহী একটি জাহাজকে অচল করা হয়েছে। সেন্টকমের দাবি, জাহাজটি বারবার অবরোধ ভঙ্গের চেষ্টা করছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজটি এখন আর ইরানের দিকে যেতে সক্ষম নয়।



