কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনিতে প্রায় ১৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০০ মুসলিম পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুসলিম পরিচয়ের কারণে তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
জ্যোতিনগর কলোনিটি কলকাতা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে, কাশীপুর জেটিসংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এলাকাটির অধিকাংশ মানুষ নিম্নআয়ের শ্রমজীবী এবং তাদের বড় অংশ মুসলিম। গত ১৭ দিন ধরে কলোনির ৫টি পানির কল থেকে সরবরাহ বন্ধ রয়েছে বলে তারা জানান। দীর্ঘ সময় ধরে পানির সংকট চলায় দৈনন্দিন রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী থেকে পানি সংগ্রহ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রান্নাসহ গৃহস্থালির কাজে নদীর পানি ব্যবহার করায় পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। অপরিশোধিত বা দূষিত পানি ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন নিরাপদ পানির অভাব বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।
বাসিন্দাদের দাবি, কলোনিতে থাকা পাঁচটি পানির কলের সরবরাহ বন্ধ করে মূলত বস্তি উচ্ছেদের ফন্দি আঁটছে সিটি কর্পোরেশন। তবে এ বিষয়ে কলকাতার স্থানীয় গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশে অনীহা দেখিয়েছে বলেও অভিযোগ তাদের।
সমস্যা সমাধানের আশায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ করলেও সাড়া মেলেনি বলে জানিয়েছে বাসিন্দারা।



