তরুণ বয়সে ইমাম আবু হামিদ আল-গাজালী (র.) যখন দূর দেশ থেকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে ইলম অর্জন করে নিজের দেশে ফিরছিলেন, তখন রাস্তায় এক ডাকাতদল তাঁর বহরে আক্রমণ করে. ডাকাতরা তাঁর সমস্ত নোট ও বইখাতা কেড়ে নেয়। ইমাম গাজালী তখন ডাকাত সর্দারের কাছে গিয়ে অনুরোধ করেন, “তোমরা সব টাকা-পয়সা রেখে দাও, কিন্তু আমার কাগজের খাতাগুলো ফেরত দাও। এগুলো অর্জনের জন্য আমি বছরের পর বছর কষ্ট করেছি।” ডাকাত সর্দার হেসে বলল, “কেমন আলেম তুমি? বই কেড়ে নিলেই তোমার জ্ঞান হারিয়ে যায়?” ডাকাত সর্দারের এই শ্লেষাত্মক কথা ইমাম গাজালীর মনে গভীর দাগ কাটে। এরপর তিনি সমস্ত বইয়ের জ্ঞান মুখস্থ করে হৃদয়ে গেঁথে ফেলেন এবং পরবর্তীতে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক সংস্কারক বা ‘হুজ্জাতুল ইসলাম’ হিসেবে আত্মপ্রকাশ করেন।



