আফগানিস্তানসহ সিরিয়া ও ইরাকে রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বাণিজ্যিক প্রকল্প নিয়ে একমত হয়েছে উজবেকিস্তান ও কাজাখস্তানের ব্যবসায়ীরা।
তাশখন্দে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের ব্যবসায়ীরা এসব বিষয়ে আলোচনা করেন। উজবেক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে কাজাখস্তানের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সাত মাসে দেশটি আফগানিস্তানে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বা ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
বৈঠকে দুই দেশ পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি আফগানিস্তান থেকে কাঁচা খনিজ সম্পদ আমদানি এবং পরিবহন ব্যয় কমানোর বিষয়েও মতবিনিময় হয়।
আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মধ্য এশিয়ার বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণ ও নিজেদের আঞ্চলিক বাণিজ্যিক ভূমিকা শক্তিশালী করতে কাজাখস্তান ও উজবেকিস্তান উদ্যোগ নিচ্ছে।



